ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আজ এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

তরুণ নেতৃত্বের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে। ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই স্লোগানকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর আবাহনী মাঠ প্রাঙ্গণে ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন।

২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করা এনসিপি অল্প সময়ের মধ্যেই দেশের রাজনীতিতে আলোচিত শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের উদ্যোগে দলটি গঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে রাষ্ট্র সংস্কার এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে দলটি।

সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ ছয়জন তরুণ নেতা সংসদ সদস্য নির্বাচিত হন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের মিলনমেলায় পরিণত হবে। অনুষ্ঠানে গত এক বছরের রাজনৈতিক কার্যক্রম নিয়ে বিশেষ চিত্রপ্রদর্শনী ও ‘স্ট্রিট ওয়াল’ প্রদর্শন করা হবে।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতেও কর্মসূচি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে আগামী ২ মার্চ চট্টগ্রাম, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ এবং ৩ মার্চ কুমিল্লা শহরে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ