ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫৩ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় কম্পন টের পাওয়া যায়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)-এর তথ্য অনুযায়ী, ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল সাতক্ষীরা জেলা থেকে প্রায় ২৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং গভীরতা ছিল মাত্র ৯ দশমিক ৮ কিলোমিটার। অগভীর হওয়ায় কম্পন বেশ জোরালোভাবে অনুভূত হয়।

অন্যদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। সংস্থাটির তথ্যমতে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৮৮ কিলোমিটার। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার তাকি শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। গভীরতা ছিল ৯ দশমিক ৮ কিলোমিটার।

এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। সে সময় রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে, যা মাঝারি মাত্রার হিসেবে বিবেচিত হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ