ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অর্থনীতি সামাল দিতে ট্যাক্স বাড়াতে হবে

দেশের বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় কর বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতিকে স্থিতিশীল রাখতে রাজস্ব আয় বাড়ানো জরুরি, তাই কর কাঠামো শক্তিশালী করতে হবে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো না গেলে কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়।

শুক্রবার বিকেলে বন্দরনগরী চট্টগ্রাম-এর পতেঙ্গা মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি সরকারি হাসপাতালের জন্য সম্ভাব্য জমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দেশের অর্থনীতি বর্তমানে সংকটময় সময় পার করছে। এ অবস্থা কাটিয়ে উঠতে রাজস্ব বৃদ্ধি এবং উৎপাদনমুখী খাতে বিনিয়োগ বাড়ানো অপরিহার্য।

তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি বিএনপি সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার। বিনিয়োগ বাড়লে শিল্প-কারখানা সম্প্রসারণ হবে, নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সরকার ইতোমধ্যে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। আগামী জাতীয় বাজেটেও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতির কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় কাঠামোগত সংস্কার আনা হবে। নির্বাচনের আগে জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর।

এ সময় তিনি আরও জানান, মেরিন ড্রাইভ এলাকায় একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। দেশে দক্ষ স্বাস্থ্যকর্মীর ঘাটতি রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য বড় পরিসরের জায়গা প্রয়োজন। কয়েকটি স্থান পরিদর্শন করা হচ্ছে, যার মধ্যে মেরিন ড্রাইভের এই স্থানটি সম্ভাবনাময়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ