ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

এবার ফেঁসে যাচ্ছেন ড. ইউনূস?

বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস–এর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, বর্তমান সরকার এ বিষয়ে ব্যবস্থা না নিলে তিনি নিজেই আইনগত পদক্ষেপ নেবেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না–র ইউটিউব চ্যানেল ‘মানচিত্র’-এ অংশ নিয়ে মোহসিন রশীদ এ কথা জানান।

অনুষ্ঠানে তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতিই একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সে অবস্থায় রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার উপেক্ষা করা গুরুতর লঙ্ঘন। তার ভাষায়, বিষয়টি “শুধু সংবিধান লঙ্ঘন নয়, বরং রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে।”

তিনি আরও অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। ভয়ভীতি ও মানসিক চাপ সৃষ্টি করে নথিতে সই করানো হয়েছে বলেও দাবি করেন তিনি। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে দেশে অচলাবস্থা তৈরি হতে পারত উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক—তাকে অসম্মান করা মানে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ন করা।

মোহসিন রশীদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে ‘চোর’ বলে মন্তব্য করেছিলেন, যা রাষ্ট্রীয় শিষ্টাচারের পরিপন্থী। এছাড়া প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টার মতো ঘটনাগুলোও তদন্তসাপেক্ষ বলে মত দেন তিনি। এসব ঘটনায় ড. ইউনূসের সম্পৃক্ততা বা নীরব সমর্থন ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি বা কমিশন গঠনের দাবি জানান।

ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধেও তদন্ত দাবি করেন তিনি। তার ভাষায়, রাষ্ট্র কোনো খেলার বিষয় নয়; রাষ্ট্রের ক্ষতি হয়ে থাকলে তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা প্রয়োজন।

সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে মোহসিন রশীদ জানান, এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফায়েড কপি চেয়েছেন। রায় হাতে পাওয়ার পর তিনি রিভিউ আবেদন করবেন বলেও জানান।

তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সজাগ থাকা জরুরি। সরকার তদন্ত কমিটি গঠন না করলে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলা দায়েরের উদ্যোগ নেবেন এবং ড. ইউনূসকে পক্ষভুক্ত করবেন বলে জানান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ