কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে এমন মন্তব্য করতে শোনা যায়, যেখানে তিনি নেতাকর্মীদের স্ত্রীরা অন্য প্রতীকে ভোট দিলে তাদের তালাক দেওয়ার কথা বলেন।
গত মঙ্গলবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে আয়োজিত এক সভায় তিনি এ বক্তব্য দেন বলে জানা গেছে। এক মিনিট ৪৪ সেকেন্ডের ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘এগুলায় বলে আমি কী করতাম? সে নাকি কথা দিয়ে ফেলেছে। তাইলে তুই হেতিরে তালাক দিয়ে দে। যে বউ স্বামীর কথা শুনে না, স্বামীকে মানে না, এমন বউকে তালাক দিয়ে দে।’
সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, তার দলে কিছু ‘মোনাফিক’ রয়েছে, যারা দল করার পরও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন এবং অর্থ দিয়েও জামায়াতকে সহযোগিতা করেছেন। এছাড়া কিছু বিএনপি নেতার স্ত্রীরাও জামায়াতকে ভোট দিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
বিএনপির মনোনয়নে নির্বাচিত এ সংসদ সদস্য বলেন, যারা নির্বাচনের আগে তার বিরোধিতা করেছেন, তারাই এখন ঢাকায় গিয়ে তার সঙ্গে ছবি তুলে নিজেদের অবস্থান আড়াল করার চেষ্টা করছেন। এ প্রসঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচনের দিন তারা কোথায় ছিলেন—এ প্রশ্নও তোলেন তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে মোবাশ্বের আলম ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।








