ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ নির্বাচনী এলাকায় প্রথম সফরে আসছেন নবনির্বাচিত এমপি ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তার এই সফরকে কেন্দ্র করে হারাগাছে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পৌর বিএনপি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা।
রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে আখতার হোসেন অভিযোগ করেন, তার হারাগাছে আগমনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দায় এমদাদুল হক ভরসা ও বিএনপির হাইকমান্ডকে নিতে হবে। তিনি দাবি করেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্রে তার কর্মীদের বাধা, মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে। কাস্টিং ভোটের হিসাব নিতে গেলে হারাগাছ মডেল কলেজ কেন্দ্রে তাকে অবরুদ্ধ করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পরে সেনাবাহিনীর সহায়তায় তিনি সেখান থেকে বের হন বলে উল্লেখ করেন।
আখতার হোসেন আরও দাবি করেন, নির্বাচনের ফল প্রকাশের পর তার নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার বা মন্তব্য জানাতে এমদাদুল হক ভরসার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে শাপলা প্রতীকে ১,৪৯,৯৬৬ ভোট পেয়ে আখতার হোসেন বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক ভরসা পান ১,৪০,৫৬৪ ভোট। ফলাফল প্রত্যাখ্যান করে ভরসা পুনর্গণনার দাবি জানিয়েছেন এবং তার সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।
পরিস্থিতি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।








