সিরাজগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে উল্লাপাড়া উপজেলাবাসীর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন এবং এলাকার সার্বিক উন্নয়নই হবে তার কাজের মূল অগ্রাধিকার।
তিনি জানান, নির্বাচনের আগে ঘোষিত ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে উল্লাপাড়ার কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা হবে। রাস্তাঘাট, সেতু ও কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে স্থানীয় জনগণের অংশগ্রহণের ভিত্তিতে তা বাস্তবায়ন করা হবে।
টেকসই উন্নয়নের জন্য জনগণের সক্রিয় সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে তিনি সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
নির্বাচনী ফলাফল প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন আসনে নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের মাধ্যমে তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থীদের পরাজিত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা শাহীনুর আলাম, জেলা সেক্রেটারি মো. জাহিদুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।








