ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সরকারি গাড়ি ব্যবহার করবেন না প্রধানমন্ত্রী

রাজধানীতে চলমান যানজট ও জনসাধারণের সুবিধা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারী গাড়ি ব্যবহার না করে নিজস্ব গাড়ি চালাচ্ছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী নিজের টয়োটা গাড়ি, নিজস্ব চালক ও ক্রয়কৃত জ্বালানি ব্যবহার করছেন।

প্রধানমন্ত্রী সকালেই গুলশান থেকে নিজের সাদা টয়োটা গাড়ি চড়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ করেন। এই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পুরো মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

রুমন জানান, যানজট কমানোর জন্য প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা কমানো হয়েছে। এতোদিন প্রধানমন্ত্রীর গাড়িবহর ছিল ১৩–১৪টি, আজ তা কমিয়ে চারটি করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহার করা হচ্ছে না। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি আগমনের সময় গাড়িতে পতাকা ব্যবহার করা হবে।

প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের চলাচলে জট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। এছাড়া রাজধানীতে যাত্রাপথে সড়কের দুইধারে পোষাকধারী পুলিশ মোতায়েনের বিধানও বন্ধ করার নির্দেশ দিয়েছেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ