ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাতীয়তাবাদী সমমনা জোট নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর  চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীতে অনুষ্ঠিত এ সৌহার্দ্যপূর্ণ বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ, সুশাসন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাগপা (JAGPA)-এর সভাপতি খন্দকার লুৎফর, এনপিপি (NPP)-এর চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসরিন খান, বাংলাদেশ ন্যাপ (NAP)-এর চেয়ারম্যান এস এম শওন সাদেকী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি এ এস এম শাহাদাত, সম্মোবদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. নুরুল ইসলাম, ডেমোক্রেটিক লেবার পার্টি (DL)-এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসসহ জোটভুক্ত বিভিন্ন দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জাতীয় ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই দেশকে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব। তিনি জাতীয়তাবাদী সমমনা জোটের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

জোটের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে তারেক রহমানের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে আগ্রহী। এ সময় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নকে এগিয়ে নিতে নিয়মিত সংলাপ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

সৌজন্য সাক্ষাৎটি জাতীয় রাজনীতিতে জাতীয়তাবাদী সমমনা জোটের ঐক্য ও সহযোগিতার একটি ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ