সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি—এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মো. সাহাবুদ্দিন এবং সংবিধান অনুযায়ী তিনিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠান আয়োজনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও জানান তিনি।
শপথ অনুষ্ঠানকে ঘিরে বড় আয়োজনের ইঙ্গিত দিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, কমবেশি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে এখনো শপথের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, “যখন আমাদের জানানো হবে—অমুক তারিখে, অমুক সময়ে শপথ হবে—আমরা সে অনুযায়ী প্রস্তুতি নেব। সেটা আগামীকাল হলেও প্রস্তুত থাকতে হবে, দুই দিন পর হলেও প্রস্তুত থাকতে হবে।”
নতুন মন্ত্রিসভায় কতজন সদস্য থাকবেন—এ বিষয়ে জানতে চাইলে শেখ আব্দুর রশীদ বলেন, এটি পুরোপুরি নির্ভর করবে যিনি সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন, তার সিদ্ধান্তের ওপর। তিনি কাদের এবং কতজনকে মন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে চান, সেটিই হবে চূড়ান্ত।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় সংসদের ২৯৭টি আসনে নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের তিন কর্মদিবসের মধ্যে তাদের শপথ নিতে হবে। সে হিসেবে ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হওয়ার কথা।
তিনি বলেন, “১৭ তারিখের মধ্যেই সংসদ সদস্যদের শপথ শেষ হবে। এরপর নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো তাদের সংসদীয় নেতা নির্বাচন করবে।”
যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থা অর্জন করবেন, তিনি রাষ্ট্রপতিকে তা অবহিত করবেন। এরপর রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। তারপর সুবিধাজনক সময়ে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।
মন্ত্রিপরিষদ সচিব আশা প্রকাশ করে বলেন, আগামী তিন থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন হতে পারে।








