ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

লক্ষ্মীপুর-১: বিপুল ভোটে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন সেলিমের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ের মুখ দেখেছেন বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেন সেলিম। ৯৩টি ভোটকেন্দ্রের ফলাফল একত্রিত করে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।

ঘোষিত ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ৮৫ হাজার ৪৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় নির্বাচনি জোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পেয়েছেন ৫৬ হাজার ৪৩৭ ভোট। ফলে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ২৯ হাজার ২০ ভোটে।

এ আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী পেয়েছেন ১০ হাজার ৮৮০ ভোট। অন্যদের মধ্যে লাঙ্গল প্রতীকের মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৪১০ ভোট, মই প্রতীকের মো. বিল্লাল হোসেন ১৯৭ ভোট, ট্রাক প্রতীকের মো. কাউছার আলম ১১৪ ভোট এবং সিংহ প্রতীকের মো. আলমগীর হোসাইন পেয়েছেন ১০৫ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সব কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে এই ফল প্রকাশ করা হয়েছে। তবে এখনো পোস্টাল ভোট গণনা যুক্ত হয়নি। পোস্টাল ভোট সংযোজনের পর রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও পুরো উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ