ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এই বিজয় গণতন্ত্রের: বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে নিজেদের ‘নিরঙ্কুশ বিজয়’কে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির ভাষ্য, এ ফলাফল কেবল একটি দলের সাফল্য নয়—এটি জনগণের রায় ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিক্রিয়া জানান দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, “বিএনপি দেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় রাজনৈতিক দল। এ দলের সঙ্গে জড়িয়ে আছে মানুষের আবেগ, আকাঙ্ক্ষা ও অনুভূতি। তৃণমূলভিত্তিক এই সংগঠনের প্রতি জনগণের ভালোবাসাই আজকের ফলাফলে প্রতিফলিত হয়েছে।”

তিনি দাবি করেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের ধারক হিসেবে বিএনপির প্রতি মানুষের আস্থাই ‘অপ্রতিরোধ্য নিরঙ্কুশ বিজয়’ এনে দিয়েছে। “আজকের এই বিজয় শুধু বিএনপির নয়, এটি গণতন্ত্রের বিজয়—বাংলাদেশের বিজয়,” যোগ করেন তিনি।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বের প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, জনগণের আস্থা ও সমর্থনের প্রতিদান হিসেবে ভবিষ্যতে তিনি প্রধানমন্ত্রী হলে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন। পাশাপাশি একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনবান্ধব সরকার গঠনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।

মাহদী আমিন আরও বলেন, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, গুম-খুন, হামলা-মামলা ও মানবাধিকার লঙ্ঘনের অভিজ্ঞতার প্রেক্ষাপটে এই সরকার গঠিত হবে। “শহীদদের আত্মত্যাগ এবং তাদের পরিবারের প্রত্যাশা পূরণে আমাদের নেতৃত্ব অঙ্গীকারবদ্ধ,” বলেন তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে ২১২টিতে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। ধর্মভিত্তিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। বাকি ৮টি আসনে জয়ী হয়েছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ