ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় তারেক রহমান-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী (বীর মুক্তিযোদ্ধা)।
শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, এবারের নির্বাচনী ফলাফল জনগণের প্রত্যাশা ও আস্থার স্পষ্ট প্রতিফলন। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে রায় দিয়েছেন, তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দিগন্তের সূচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এটিএম গোলাম মাওলা বলেন, “নতুন ম্যান্ডেট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও সুসংহত করবে। উন্নয়ন, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে—এমনটাই জনগণের প্রত্যাশা।”
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও স্থিতিশীলতার মাধ্যমে একটি সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলাই এখন সময়ের দাবি।
বিবৃতির শেষাংশে তিনি নবনির্বাচিত নেতৃত্বের সার্বিক সফলতা কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।








