দীর্ঘ দুই দশক পর আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। ইসি সচিব আখতার আহমেদ ২৯৭টি আসনের ফল চূড়ান্তভাবে প্রকাশ করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি ও তার মিত্র জোটগুলো ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এর মাধ্যমে আওয়ামী লীগহীন এই নির্বাচনে দলটি নিরঙ্কুশ জয় নিশ্চিত করল।
ফলাফল একনজরে: দল ও জোটভিত্তিক অবস্থান
নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, দলগত ও জোটগতভাবে আসন বিন্যাস নিম্নরূপ:
| দল/জোট | প্রাপ্ত আসন |
| বিএনপি ও মিত্র জোট | ২১২ |
| জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য | ৭৭ |
| স্বতন্ত্র প্রার্থী | ০৭ |
| ইসলামী আন্দোলন বাংলাদেশ | ০১ |
দলগত প্রাপ্ত আসন:
-
বিএনপি: ২০৯
-
বাংলাদেশ জামায়াতে ইসলামী: ৬৮
-
জাতীয় নাগরিক পার্টি: ০৬
-
বাংলাদেশ খেলাফত মজলিস: ০২
-
খেলাফত মজলিস: ০১
-
বিজেপি (পার্থিব): ০১
-
গণসংহতি আন্দোলন: ০১
-
গণঅধিকার পরিষদ: ০১
ইসি সচিব জানান, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা করা হলেও চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল বিশেষ কারণে স্থগিত রাখা হয়েছে। এর আগে প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন আগেই স্থগিত করা হয়েছিল।
এবারের নির্বাচনে সারাদেশে গড়ে ৫৯.৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক। যদিও কিছু কেন্দ্রের হিসাব এখনো আসছে, তবে এই হার স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
একইসঙ্গে অনুষ্ঠিত হওয়া ‘জুলাই সনদ’ বাস্তবায়নের গণভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
-
মোট গণভোট: ৬০.২৬%
-
‘হ্যাঁ’ ভোট: ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি
-
‘না’ ভোট: ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। এবারের নির্বাচনে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে ৫০টি দল অংশ নেয়। ২৯৯টি আসনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ৮৩ জন ছিলেন নারী প্রার্থী।








