ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের নেতৃত্বাধীন জোট। ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপি নেতৃত্বাধীন জোট মোট ২১০টি আসনে জয় পেয়েছে। এর ফলে দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোটগ্রহণ শেষে বিভিন্ন নির্বাচনী এলাকার ফলাফল গণনা করে বেসরকারিভাবে এই তথ্য জানানো হয়। যদিও চূড়ান্ত ফলাফল এখনো নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়, তবুও প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারের নেতৃত্ব দেবেন। তা হলে প্রায় সাড়ে তিন দশক পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। ইতিহাস অনুযায়ী, সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০ সালের পর থেকে দেশের সরকারপ্রধানের দায়িত্ব পালন করেছেন মূলত দুই নারী নেতা— খালেদা জিয়া ও শেখ হাসিনা।
এদিকে বিজয় উদযাপন ঘিরে সংযমের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির প্রেস উইং থেকে জানানো হয়েছে, নিরঙ্কুশ বিজয় উপলক্ষে কোনো ধরনের আনন্দমিছিল বা শোডাউন না করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবর্তে বাদজুমা সারা দেশে মসজিদে মসজিদে শুকরিয়া আদায় ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে। পাশাপাশি অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও প্রার্থনার কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফলাফল দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। এখন নজর থাকবে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে এবং পরবর্তী সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়ার ওপর।








