ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বলে দাবি করেছে দলটি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যায় প্রাপ্ত কেন্দ্রভিত্তিক ফলাফলের ভিত্তিতেই এই বিজয়ের ঘোষণা দেওয়া হয়েছে। তবে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ না করা পর্যন্ত বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত হচ্ছে না।
এদিন সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী একটি গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা-১৭ আসনের ফলাফল ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রার্থী, সমর্থক ও সংশ্লিষ্টরা এখন নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার দিকে তাকিয়ে আছেন।








