চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও আংশিক সাতকানিয়া) আসনের একটি কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। ভোট দেওয়ার পর দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেছেন, আগামীতে ১১-দলীয় ঐক্যজোট সরকার গঠন করবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। ভোটগ্রহণের পরিবেশ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে কর্নেল অলি বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র দখলের অভিযোগ পাওয়া যায়নি। গত তিন দিন ধরে নির্বাচনী এলাকায় মোটামুটি শান্ত পরিবেশ বিরাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অর্থ বিতরণের অভিযোগ তোলেন এলডিপি চেয়ারম্যান। তার দাবি, বিভিন্ন গ্রামে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিমের পক্ষ থেকে টাকা বিতরণের খবর পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে সেনাবাহিনী ও পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম-১৩ ও ১৪ আসনের সামগ্রিক প্রেক্ষাপট তুলে ধরে কর্নেল অলি বলেন, ১১ দল সমর্থিত এলডিপি প্রার্থী ওমর ফারুক বিপুল ভোটে জয়ী হবেন। সাধারণ মানুষ তার সঙ্গে বেইমানি করবে না বলেও মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ আসনের ভোটার হলেও তার ছেলে ওমর ফারুক ‘ছাতা’ প্রতীকে লড়ছেন চট্টগ্রাম-১৩ আসনে।
ভোটারদের উদ্দেশে কর্নেল অলি আহ্বান জানান, কেউ প্রলোভনে প্রভাবিত হলেও ভোট দেওয়ার সময় যেন বিবেক ও সঠিক সিদ্ধান্তকে প্রাধান্য দেন। তার মতে, একটি সুন্দর ও কার্যকর প্রশাসন গড়ে তুলতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
চট্টগ্রাম-১৩ আসনে ওমর ফারুকের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিএনপির জসিম উদ্দিন আহমেদ, বিদ্রোহী প্রার্থী মিজানুল হক চৌধুরী এবং শফিকুল ইসলাম রাহী। নির্বাচনী মাঠে এখন চোখ সবার ফলাফলের দিকে।








