ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

নয়ন তুমি ভালো হয়ে যাও

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নকে ‘ভালো হয়ে যাওয়ার’ পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “নয়ন তুমি ভালো হয়ে যাও।” পাশাপাশি তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস যদি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ভাবেন, তাহলে রবিউল ইসলাম নয়নকে সংযত করা উচিত। তার ভাষায়, “নয়ন যত কথা বলবে, মির্জা আব্বাসের ভোট তত কমে যাবে।”

এ সময় নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, তার বাসার আশপাশে অচেনা লোকজন মোটরবাইক নিয়ে ঘোরাফেরা করছে, যা তাকে শঙ্কিত করছে। তিনি বলেন, “আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি—আমার এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক।”

এর আগে শনিবার (৭ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী অফিসে যান যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। সেখানে তিনি নাসীরুদ্দীনের বাসার ঠিকানা জানতে চান। এ বিষয়ে নয়ন বলেন, তিনি ওই এলাকারই বাসিন্দা এবং প্রার্থী হিসেবে নাসীরুদ্দীনের বাসার অবস্থান জানা তার জন্য স্বাভাবিক বিষয়।

নয়নের ভাষ্য, “নাসীরুদ্দিন যদি সংসদ সদস্য হন, ভবিষ্যতে এলাকার কোনো সমস্যায় তার কাছে যেতে হতে পারে। সেজন্যই বাসার ঠিকানা জানতে চেয়েছিলাম।”

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কাকরাইলে ‘হক ক্যাসেল’ ফ্ল্যাট মালিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব অভিযোগ করেন।

মির্জা আব্বাস বলেন, তিনি শুনেছেন সরকারের একটি অংশ নির্দিষ্ট কিছু প্রার্থীকে যেকোনো মূল্যে বিজয়ী করার তালিকা তৈরি করেছে। তার অভিযোগ, প্রশাসনের ঊর্ধ্বতন মহলের আচরণেও পক্ষপাতিত্বের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, “কয়েকজন প্রার্থী এখনই এমনভাবে কথা বলছেন, যেন তারা আগেই নির্বাচনে জিতে গেছেন। অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলা হলেও ভেতরে ভেতরে যে পক্ষপাত চলছে, তা অত্যন্ত উদ্বেগজনক।”

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে ঢাকা-৮ আসনে এমন পাল্টাপাল্টি বক্তব্য ও অভিযোগে নির্বাচনী উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ