ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-১ আসনের বিএনপি প্রার্থীকে শোকজ

পাবনা-১ আসনের বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

গত রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কমিটির চেয়ারম্যান পাবনার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং অর্থঋণ আদালতের বিচারক সেলিম রেজা এ নোটিশ দেন। নোটিশে আগামী ২ ফেব্রুয়ারি কমিটির কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইনতাজ মল্লিক থ্রেড প্রসেসিং মিলের দেয়াল এবং দোকানদার আব্দুল মান্নানের দোকানের দেয়ালে দেয়াল লিখন করা হয়েছে, যা আচরণবিধি ২০২৫-এর বিধি ১১-এর লঙ্ঘন।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে দলীয় প্রধানের নেতৃত্বমূলক ছবি ব্যবহার করে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনার অভিযোগ আনা হয়েছে, যা বিধি ৭(গ) পরিপন্থী বলে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, গত ১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় আটাইকুলা এলাকায় নির্ধারিত সময়সীমা অমান্য করে মাইকিং ও লাউডস্পিকারের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন যানবাহনে রঙিন পোস্টার সংযুক্ত করে প্রচারণা চালানোর অভিযোগও করা হয়েছে।

এসব কার্যক্রম নির্বাচনী আচরণবিধিমালা ২০২৫-এর বিধি ৩, ৭, ১৭ ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে নোটিশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগের বিষয়ে তিনি ইতোমধ্যে লিখিত জবাব দিয়েছেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ