ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার ক্ষমা চাইলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার হ্যাক হওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের কারণে কোনো মা-বোন যদি কষ্ট পেয়ে থাকেন, তবে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, তার ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে সেখান থেকে মায়েদের নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য ছড়ানো হয়। এ ঘটনার পর একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে মিছিল ও হৈচৈ শুরু করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “যারা প্রকৃত অর্থে মায়েদের সম্মান করে না, তারাই এই ঘটনাকে পুঁজি করে সমাজে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”

নারীদের প্রতি অবমাননাকারীদের কঠোর ভাষায় নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, যারা নারীদের অপমান করে, তারা মানুষ হিসেবে আচরণ করছে না। তিনি ‘মা’ সম্বোধন করে বলেন, নারীদের অসম্মানকারীরাও কোনো না কোনো মায়ের সন্তান—তাদের উচিত নিজেদের মা, স্ত্রী ও বোনদের সম্মান করতে শেখা।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “নিজের পরিবারকে সম্মান করতে জানলে দেশের ৯ কোটি মাকেও সম্মান করা সম্ভব।” নারীদের প্রতি অসম্মানকে সমাজের নৈতিক অবক্ষয়ের লক্ষণ উল্লেখ করে তিনি সবাইকে নারীর মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

জনসভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ