ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ঢাকা-১৫ আসনে নির্বাচনি প্রচারণায় দুই শফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৫ আসনে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করেছেন ‘দুই শফিক’। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উভয় প্রার্থী নিজ নিজভাবে প্রচারণায় নামেন।

জানা গেছে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকা থেকেই তার নির্বাচনি প্রচারণার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মিরপুর-১০ গোলচত্বরের পূর্ব পাশে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে অংশ নেন তিনি।

অন্যদিকে, বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন একই দিন দুপুরে তালতলা এলাকা থেকে নির্বাচনি প্রচারণা শুরু করেন। তালতলা থেকে শুরু হওয়া এই প্রচারণা মিরপুর-১০ ঘুরে মিরপুর-১৩ এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে কাফরুল থানার ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা বলেন, “ঢাকা-১৫ আসন ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি। বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর কামরুল ইসলাম এই আসন থেকে দু’বার নির্বাচিত হয়েছেন। তাই আমরা মনে করি, এই আসনে বিএনপিই জয়ী হবে।”

অন্যদিকে, শেওড়াপাড়ায় জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত হাবিব বলেন, “এই এলাকা থেকেই জামায়াতের আমির দীর্ঘদিন রাজনীতি করছেন। তিনি এই আসনের সবচেয়ে শক্তিশালী প্রার্থী। আমরা আশাবাদী, তিনিই বিজয়ী হবেন। আজ এই আসন থেকেই জামায়াতের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।”

প্রসঙ্গত, ঢাকা-১৫ সংসদীয় আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। এ আসনের অন্তর্ভুক্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর-১০, মিরপুর-১৪, কচুক্ষেত ও পূর্ব সেনপাড়া।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ