পাবনা-১ (সাঁথিয়া) সংসদীয় আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আবু সাইয়িদ।
আজ রবিবার সকাল ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদনের মাধ্যমে তিনি তার বৈধ মনোনয়নপত্রটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেন।
মনোনয়ন প্রত্যাহারের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আবু সাইয়িদ তার এই সিদ্ধান্তের নেপথ্যে বৃহত্তর রাজনৈতিক স্বার্থের কথা উল্লেখ করেন। তিনি বলেন-দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ভিপি শামসুর রহমানের পাশে দাঁড়ানোই এখন সময়ের দাবি। সেই লক্ষ্যেই আমি ব্যক্তিগত প্রার্থিতা থেকে সরে এসে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।”
আবু সাইয়িদ পাবনা-১ আসনের সাধারণ ভোটার ও তার সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন দ্বিধাবিভক্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দেন এবং ভোটকেন্দ্রে গিয়ে বিজয় নিশ্চিত করেন।
আবু সাইয়িদের এই আকস্মিক সিদ্ধান্তে পাবনা-১ আসনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে:
স্বতন্ত্র প্রার্থীর সমর্থন পাওয়ায় ভিপি শামসুর রহমানের অবস্থান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হলো।দুই পক্ষের কর্মীরা এখন একযোগে মাঠে নামায় নির্বাচনী লড়াইয়ে বিএনপি বাড়তি সুবিধা পাবে। এই জোটবদ্ধ অবস্থান ক্ষমতাসীন বা অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।








