ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

চট্টগ্রামের চন্দনাইশে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও গেজেটভুক্ত বীর হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বদুরপাড়া এলাকায় এই বর্বরোচিত হামলার শিকার হন তিনি। এ ঘটনায় মাঈনউদ্দীন নামে আরও এক যুবক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও চাকু নিয়ে অতর্কিতভাবে হাসনাত আবদুল্লাহ ও তার সঙ্গে থাকা মাঈনউদ্দীনের ওপর হামলা চালায়। চন্দনাইশের বদুরপাড়া পাক্কাদোকান এলাকা থেকে পেট্রোল পাম্পের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হাসনাত আবদুল্লাহ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জুলাইযোদ্ধা জানান, সম্প্রতি চট্টগ্রাম-১৪ আসনের বিতর্কিত প্রার্থী জসিম উদ্দিনের মনোনয়ন বাতিল ও গ্রেপ্তারের দাবিতে নির্বাচন কমিশনে জুলাইযোদ্ধাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছিল।

তাদের অভিযোগ, ওই স্মারকলিপি দেওয়ার জের ধরেই জসিম উদ্দিনের অনুসারীরা এই হামলার পরিকল্পনা করে থাকতে পারে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হাসনাতের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া

এই হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনসিপি নেতা হাসান আলী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়ে একে ‘স্বৈরাচারের দোসরদের কাজ’ বলে অভিহিত করেন। উল্লেখ্য, হাসান আলী সম্প্রতি চট্টগ্রাম-১৪ আসনে এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুকের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেছেন।

এলডিপি প্রার্থী অধ্যাপক ওমর ফারুক বলেন, “যারা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের অপরিহার্য দায়িত্ব।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ