পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন করতে আর কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগের আদেশ অনুযায়ী, সাঁথিয়া উপজেলা পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া উপজেলা একত্রে পাবনা-২ আসন হিসেবে গণ্য হবে। ফলে নির্বাচন কমিশনের নির্ধারিত সীমানা অনুযায়ীই ওই দুই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে আসন সীমানা নিয়ে জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখতে চেম্বার আদালত নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশনার পর নির্বাচন কমিশনও আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে দুই আসনের নির্বাচন স্থগিত করে।
নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন পাবনা-১ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী নজিবুর রহমান। আপিলের শুনানি শেষে আপিল বিভাগ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করে ভোট আয়োজনের পথ সুগম করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। ওই গেজেটে সাঁথিয়া উপজেলার সম্পূর্ণ অংশ নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।
তবে এই গেজেটের পাবনা-১ ও ২ আসন সংক্রান্ত অংশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ। রিটের পরিপ্রেক্ষিতেই বিষয়টি পর্যায়ক্রমে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।
সবশেষে আপিল বিভাগের আদেশে নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকায় নির্ধারিত সময়েই পাবনা-১ ও ২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে আর কোনো বাধা রইল না।








