ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

শাহজাদপুরে দুই শিশুর ঝগড়ার জেরে সংঘর্ষ, আহত ২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ওয়াজ মাহফিল শুনতে গিয়ে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে চরাচিথুলিয়া গ্রামে আয়োজিত একটি ইসলামী জালসায় ওয়াজ শোনার সময় মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী ছেলে নীরবের সঙ্গে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী ছেলে শিমুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি উভয় পক্ষের অভিভাবকরা জানার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের প্রায় চার শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

আহতদের মধ্যে মঞ্জু সরকার পক্ষের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার ও আরিফ সরকার এবং ইউসুফ ফকির পক্ষের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন ও রাকিব ফকিরের নাম জানা গেছে। আহতদের মধ্যে বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ