ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন। পোস্টে প্রকাশিত একটি ছবির ক্যাপশনে লেখা ছিল— “২০২৬ সালের জানুয়ারিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে আসীন হয়েছেন।” এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়।

এর আগে, গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি সামরিক অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন। ওই অভিযানে অন্তত ১০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মাদুরো দম্পতিকে আটক করার পর যুক্তরাষ্ট্র ঘোষণা দেয়, তেলসমৃদ্ধ ভেনেজুয়েলার তেল সম্পদ আপাতত যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্র দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবে এবং সরকারি কাঠামো সংস্কারেও সক্রিয় ভূমিকা পালন করবে। তবে উপযুক্ত সময়ে তেলের মালিকানা আবার ভেনেজুয়েলার সরকারের কাছে ফিরিয়ে দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, মাদুরো অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করে। একই সঙ্গে দেশটির সেনাবাহিনী তার প্রতি আনুগত্য প্রকাশ করে।

দায়িত্ব গ্রহণের পর ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণাকে কেন্দ্র করে দেশটির নেতৃত্ব নিয়ে নতুন করে জটিলতা সৃষ্টি হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ