বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ফজরের নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সকাল ৭টার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সেখানে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাদি হোসেন জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন। তিনি বলেন, গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তার শারীরিক অবস্থা ছিল গুরুতর।
কিন্তু শেষ পর্যন্ত আর সংকট কাটিয়ে উঠতে পারেননি তিনবারের সফল প্রধানমন্ত্রী। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমানসহ পরিবারের ঘনিষ্ঠ স্বজনরা তাকে দেখতে হাসপাতালে যান। তারা রাত ২টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন বলে জানান বিএনপির চিকিৎসক ডা. জাহিদ।
উল্লেখ্য, নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণসহ এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি আজ পৃথিবীর মায়া ত্যাগ করলেন।








