ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটির নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক।
এর আগে এ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে ঢাকা জেলা জামায়াতের শূরা সদস্য ও প্রকৌশলী মোহাম্মদ তৌফিক হাসানের নাম ঘোষণা করা হয়েছিল।
রোববার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হক বলেন, “আমি দলের কাছে মনোনয়ন চাইনি। কিছুক্ষণ আগে আমাকে ফোন করে জানানো হয়েছে। আমি এটাকে আল্লাহর রহমত হিসেবে দেখি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। “এই এলাকায় নানা ধরনের সমস্যা রয়েছে। সেগুলো সমাধানে আমি ভূমিকা রাখতে চাই। এখানে বিপুলসংখ্যক প্রবাসী রয়েছেন, তাদের জন্য আমার বিশেষ পরিকল্পনা আছে। পাশাপাশি এলাকার দারিদ্র্য দূর করতে বিভিন্ন উদ্যোগ নেব, ইনশাআল্লাহ,”।








