সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) রাজনৈতিক দলগুলোর নির্বাচনী জোট গঠনে বড় ধরনের প্রভাব ফেলছে। বিশেষ করে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ও নির্বাচনী জোট করতে আগ্রহী দলগুলোর ক্ষেত্রে এই প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।
নতুন আরপিও অনুযায়ী, নিবন্ধিত কোনো রাজনৈতিক দল জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে। ফলে বিএনপির সঙ্গে জোট করেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করার সুযোগ না থাকায় কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা নিজ নিজ দল বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমদ। তিনি কুমিল্লা-৭ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
গত ১ ডিসেম্বর সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। পরে তাকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে দলের মনোনয়ন দেওয়া হয়।
শনিবার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। তিনি ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
গত ৮ ডিসেম্বর ১২ দলীয় জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত ঘোষণা করে বিএনপিতে যোগ দেন। পরবর্তীতে বিএনপি তাকে লক্ষ্মীপুর-১ আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে। উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনেও তিনি এলডিপির হয়ে ধানের শীষ প্রতীকে অংশ নিয়েছিলেন। তবে তার দল বিলুপ্তির সিদ্ধান্তে দলটির কয়েকজন নেতাকর্মী আপত্তি জানিয়ে পৃথক সংবাদ সম্মেলন করে সিদ্ধান্তটিকে বেআইনি দাবি করেছেন।
সমমনা ১২ দলীয় জোটের আরেক শীর্ষ নেতা ও জোটের মুখপাত্র, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে নির্বাচন করবেন। বিএনপির শীর্ষ পর্যায়ের পরামর্শে তিনি ২২ ডিসেম্বর জাতীয় দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন।
এছাড়া গত বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা-১৩ আসনে প্রার্থী হবেন।
তিনি আরও জানান, নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপি নিবন্ধিত দল না হওয়ায় তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। যদিও এখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেননি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, চারদলীয় বাম জোট, লেবার পার্টিসহ প্রায় ৫৭টি দল ও জোট সক্রিয় ছিল। এসব দল ও জোট সম্মিলিতভাবে বিএনপির কাছে ২২২টি আসনের দাবি জানিয়েছিল।








