ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আই হ্যাভ এ প্ল্যান: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী অবিসংবাদী নেতা মার্টিন লুথার কিং একদিন বলেছিলেন—‘আই হ্যাভ এ ড্রিম’। আজ আমি সেই অনুপ্রেরণায় বলছি—‘আই হ্যাভ এ প্ল্যান’। এই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, এই মঞ্চে আজ আমাদের সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারাও উপস্থিত আছেন। দলীয় নেতাকর্মী, দেশবাসী এবং সমমনা শক্তিগুলোকে সঙ্গে নিয়ে আমি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই।

গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ দেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। মানুষের কথা বলার অধিকার নিশ্চিত করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে দেওয়া ঐতিহাসিক ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের উন্নয়ন এবং ভাগ্য পরিবর্তনের জন্য আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রতিটি মানুষের সহযোগিতা অপরিহার্য। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে সেই পরিকল্পনা বাস্তবায়ন করব।

তিনি বলেন, “মার্টিন লুথার কিং বলেছিলেন ‘আই হ্যাভ এ ড্রিম’। আজ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আমি বলতে চাই—‘আই হ্যাভ এ প্ল্যান, ফর দ্য পিপল অব মাই কান্ট্রি’। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য। আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা সফল হব।”

ভাষণের একপর্যায়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে হাত তুলে দেশের কল্যাণ কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।

তারেক রহমান আরও বলেন, ১৯৭১ সালের মতোই ২০২৪ সালে ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে। আজ বাংলাদেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।

অনুষ্ঠানের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ দেড় যুগ প্রবাসে থেকেও তারেক রহমান দেশকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই গণতন্ত্র উত্তরণের কঠিন পথ পাড়ি দিয়েছে বিএনপি।

সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে আসা লাখো মানুষের উপস্থিতিতে ৩০০ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত হয়। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চে ওঠার পর তারেক রহমান হাত নেড়ে জনতার শুভেচ্ছা গ্রহণ করেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘বিজি-২০২’ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। ভিআইপি লাউঞ্জ অতিক্রম করে তিনি দেশের মাটিতে পা রাখেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ বাসে করে লাখো নেতাকর্মীর ভালোবাসা ও শুভেচ্ছা গ্রহণ করতে করতে তিনি ৩০০ ফিট সড়কসংলগ্ন বিশাল গণসংবর্ধনা মঞ্চে পৌঁছান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ