বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একটা বিষয় স্পষ্ট করে বলেছি, যে নৌকা ডুবে গেছে সে নৌকা বাংলাদেশে আর কখনোই ভাসবে না। ৫ আগস্ট ছাত্র-জনতা জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ।
এ সময় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে আন্দোলনে ছিল, হাসিনা ও তার দোসররা কিন্তু তাদের ছাড়বে না। সেই জায়গায় আমরা প্রত্যক্ষ ও পরোক্ষ কোনো নেগোশিয়েশনের চিহ্ন দেখতে চাই না।
সারজিস আলম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা দোষী, খুনি, তারা যেই দল-মতেরই হোক না কেন, তাদের শাস্তি হতে হবে। এই বিচারিক প্রক্রিয়ায় আমরা কোনো ধরনের হস্তক্ষেপ প্রত্যাশা করি না। এটা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিয়েছি।
তিনি বলেন, এমন কিছু যদি দেখি, তাহলে আমরা আমাদের জায়গা থেকে, জাতীয় নাগরিক কমিটি বলেন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন–আমরা আবারও প্রতিবাদ করব।








