
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
২৫ জানুয়ারি বিকেল ৫টা ৭ মিনিটে তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাণিজ্যিক ফ্লাইট সুইজারল্যান্ডের স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
এর আগে সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ডব্লিউইএফ সম্মেলনে যোগ দিতে গত ২১ জানুয়ারি ডাভোসে পৌঁছান ড. ইউনূস।
ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চারজন রাষ্ট্র বা সরকারপ্রধান, মন্ত্রী পর্যায়ের চারজন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রগ্রাম (আনুষ্ঠানিক নৈশ ও মধ্যাহ্ন ভোজ), ৮টি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এবং আরো দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন।
গত ২১ জানুয়ারি ড. ইউনূস ডাভোসে পৌঁছানোর পর সেখানে ডব্লিউইএফ সম্মেলনে যোগদানকারী বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটান।
সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা সাতটি প্রগ্রামে যোগ দেন এবং সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে বৈঠক করেন।








