কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগকে ‘পলিটিক্যাল পার্টি নয়, মাফিয়া পার্টি’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দলটির সম্ভাব্য নাশকতা ও অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় আগামী ২৩ জুনকে সামনে রেখে সারা দেশে পুলিশকে সতর্ক করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো নির্দিষ্ট হুমকি আছে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যালার্ট সব সময় একইভাবে করা হয় না। যেহেতু আমরা সন্দেহ করছি, ২৩ জুনকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল দেশে বিশৃঙ্খলা ও অস্থিরতা তৈরির চেষ্টা করতে পারে, সেজন্য সারা দেশে অ্যালার্ট জারি করা হয়েছে। কোনো বিশৃঙ্খলা তৈরি হলে পুলিশ বাহিনী তাদের দায়িত্ব পালন করবে।
এ সময় আওয়ামী লীগ সম্পর্কে কড়া ভাষায় মন্তব্য করে তিনি বলেন, তারা কোনো পলিটিক্যাল পার্টি নয়, এটি একটি মাফিয়া পার্টি।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের কাছে একটি ‘জরুরি বার্তা’ পাঠিয়েছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (১৮ জুন) পাঠানো ওই বার্তায় দলটির সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন করে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়েছে, ২৩ জুন আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল কিংবা প্রকাশ্যে সমাবেশের চেষ্টা হতে পারে। এ ধরনের কর্মসূচিকে কেন্দ্র করে অন্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করা হয়।
এ ছাড়া দলটির কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিলে তাদের ওপর ক্ষোভ বা প্রতিক্রিয়া তৈরি হওয়ার আশঙ্কার কথাও বার্তায় তুলে ধরা হয়েছে। এমন পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তা বিবেচনায় মাঠপর্যায়ের পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে আগাম সতর্কতার অংশ হিসেবে সারা দেশে এ বার্তা পাঠানো হয়েছে।








