ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

ছাত্রদলের আবেদনে মাল্টিমিডিয়ায় খেলা দেখার ব্যবস্থা করলো পাবিপ্রবি প্রশাসন

ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রশাসন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কনভেনশন সেন্টারে প্রজেক্টর স্ক্রিন স্থাপন করা হচ্ছে।‎‎

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাবিপ্রবির কনভেনশন সেন্টারে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি প্রদর্শন করা হচ্ছে। শিক্ষার্থীরা যাতে একসঙ্গে খেলা উপভোগ করতে পারেন এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।‎‎

কনভেনশন হলের ভিতরে বিভিন্ন দেশের পতাকা দিয়ে সাজিয়েছেন ছাত্রদলের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী মো. ওলিউল্লাহ

পাবিপ্রবি ছাত্রদলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এই উদ্যোগ গ্রহণ করেন। সংশ্লিষ্টরা জানান, খেলাধুলাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন।

এর আগে, আসন্ন ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের সম্মিলিতভাবে খেলা দেখার ব্যবস্থা করার দাবিতে পাবিপ্রবি ছাত্রদল ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এর কাছে একটি স্মারকলিপি প্রদান করে। গত ৯ জুন এ স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বড় পর্দার মাধ্যমে বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ তৈরির দাবি জানানো হয়।

পরে বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।‎‎বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখার সুযোগ তাঁদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রশাসনের এ উদ্যোগে তাঁরা আনন্দিত। তাঁদের মতে, একসঙ্গে খেলা দেখার আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করবে।‎

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক শিক্ষার্থী পাবিপ্রবি প্রশাসন কে ধন্যবাদ জানিয়েছেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বকাপ ঘিরে ক্যাম্পাসে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

ইতোমধ্যে এ আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।‎‎

এ বিষয়ে পাবিপ্রবি ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন বলেন, ‘বিশ্বকাপ ফুটবল আসে প্রতি চার বছর পর পর এবং এই খেলা বাংলাদেশের মানুষের মধ্যে প্রবল আনন্দ, উন্মাদনা কাজ করে। তার পরিপ্রেক্ষিতে পাবিপ্রবি ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে খেলা দেখানোর বিষয়ে কথা বলে এবং সাহায্য সহযোগিতা কামনা করে যেন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ও আনন্দকে শিক্ষার্থীদের মাঝে ভাগাভাগি করে নিতে পারি। মাল্টিমিডিয়ার মাধ্যমে খেলা দেখার এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনোদনের এক সুন্দর পরিবেশ সৃষ্টি করবে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমে পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই আয়োজন সফল করতে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত এবং পাবিপ্রবি ছাত্রদল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছে তাদের সার্বিক সাহায্য সহযোগিতা করার জন্য।’

সাধারণ সম্পাদক কে এম তরিকুল ইসলাম বলেন,’ছাত্রদল সব সময় সাধারণ ছাত্রদের যৌক্তিক দাবির পক্ষে এবং ছাত্রদের সকল অধিকার এর পক্ষে কাজ করে।সাধারণ ছাত্ররা বড় পর্দায় দেখা দেখার দাবির করে। সেই বিষয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসন এর কাছে দাবি করে।ছাত্রদলের দাবির পক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ফুটবল বিশ্বকাপ বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।’

বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশা, বিশ্বকাপ চলাকালে এ আয়োজন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হবে এবং ক্যাম্পাসজুড়ে উৎসবের আবহ সৃষ্টি করবে। পাশাপাশি খেলা উপভোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও অংশগ্রহণমূলক সংস্কৃতি আরও বিকশিত হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ