প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন সবার প্রধান কাজ হওয়া উচিত দেশকে এগিয়ে নেওয়া এবং জনগণের কল্যাণে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা।
সমাবেশে তিনি উল্লেখ করেন, ৪৮ বছর আগে জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, আজ সেই খালের পুনঃখননের মাধ্যমে কৃষকদের পানি সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষ একসঙ্গে কাজ করলে বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণকে দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়নের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি। তার বক্তব্যে জনগণকে বিএনপির শক্তির উৎস হিসেবে উল্লেখ করে সবাইকে “সবার আগে বাংলাদেশ” নীতিতে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে তিনি খালের পুনঃখনন কাজের ফলক উন্মোচন করেন, কোদাল দিয়ে মাটি কাটেন এবং বৃক্ষরোপণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হকসহ স্থানীয় নেতারা।








