জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার পর বাসা ছাড়ার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, একটি প্রতিষ্ঠানের সঙ্গে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তিও বাতিল করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
কাফি বলেন, “পুরুষ মানুষের আগাগোড়া পুরো জীবনটাই মনে হয় ত্যাগ-তিতিক্ষার। তিন বছর ধরে আমি একটি বাসার চিলেকোঠায় থাকতাম। কিন্তু এনসিপি করার কারণে বাসা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও দাবি করেন, বাসার একাধিক মালিকের মধ্যে কয়েকজন তাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছেন, যাদের মধ্যে একজন সরকারি দলের উচ্চপর্যায়ের কর্মকর্তা রয়েছেন।
এছাড়া তিনি জানান, ৩০০ টাকার স্ট্যাম্পে এক বছরের জন্য একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ ছিলেন। তবে রোববার প্রতিষ্ঠানটি ফোন করে জানায়, তারা আর চুক্তি চালিয়ে যেতে পারবে না। এ প্রসঙ্গে কাফি বলেন, “দুই দিনের রাজনীতিতে দুই ত্যাগ।”
তিনি আরও বলেন, “সরকারি দলে থাকলে অনেক সুবিধা পাওয়া যায়, অনেক বাধা-বিপত্তি সহজে আসে না।”
এই ঘটনাকে নিজের জীবনের বড় ধাক্কা উল্লেখ করে কাফি বলেন, অতীতেও তিনি আরও বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করেছেন এবং এবারও তা সামলে উঠবেন বলে আশাবাদী।
ভিডিওর শেষাংশে তিনি বলেন, “ত্যাগ-তিতিক্ষা পুরুষের জীবনে থাকবে। আল্লাহ হয়তো ভালো কিছু রেখেছেন, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি-তে যোগ দেন এই কনটেন্ট ক্রিয়েটর।








