অদ্য ২৫ এপ্রিল ২০২৬, শনিবার জাতীয়তাবাদী সমমনা জোটের লিয়াজো কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পায় ইরান-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সংকট এবং এর ফলে সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টি। নেতৃবৃন্দ এ সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
সভায় সভাপতির বক্তব্যে জোটের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এটি এম গোলাম মাওলা বলেন, বহুল প্রত্যাশিত নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর মাত্র দুই মাস অতিবাহিত হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের শুরুতেই আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে কিছুটা চাপে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনে অংশগ্রহণকারী জোটসঙ্গীদের নিয়ে একটি গণমুখী রাষ্ট্র গঠনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, দেশের প্রায় ১৮ কোটি মানুষ বিপুল ভোটে বিএনপিকে বিজয়ী করেছে এবং এ বিজয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই জোটকে যথাযথ মূল্যায়নের জোর দাবি জানান তিনি।
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র এস এম শাহাদাত তার বক্তব্যে বলেন, নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য ছড়ানো হচ্ছে, যা নিন্দনীয়। তিনি এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, সমন্বয়কারী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, মুসলিম লীগ চেয়ারম্যান ব্যারিস্টার নাসিম খান, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, ডিএল-এর সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, মহাসচিব জাকির হোসেন রিয়াজসহ আবু সৈয়দ, রেজওয়ান মর্তুজা, জামিল আহম্মেদ, আব্দুল বারিক, সাইফুল আলম, সুরাইফুল ইসলাম, জহির হোসেন প্রমুখ।
সভা শেষে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জোটের নেতৃবৃন্দ।








