রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ ৮ এপ্রিল সকালে র্যাব-২ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে ৬ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দালাল চক্রের ফাঁদে পড়ে সাধারণ মানুষ প্রায়ই হয়রানির শিকার হন। এ ধরনের প্রতারণা রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
এদিকে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, দালালবিরোধী এ অভিযানের ফলে গ্রাহক হয়রানি কমবে বলে আশা করা হচ্ছে। তারা সেবাগ্রহীতাদের নিজ তত্ত্বাবধানে ফরম পূরণ ও নির্ধারিত ফি জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন।








