মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি নিজেও সশস্ত্র বাহিনীর একটি পরিবারের সন্তান। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা আরও জোরদার করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি উল্লেখ করেন, “যে উদ্দেশ্যে একটি দেশের সশস্ত্র বাহিনী গঠিত হয়, আমরা সেই লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এর আগে, সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫৫ মিনিটে প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
দীর্ঘ দেড় যুগ পর এবারের স্বাধীনতা দিবসে পুনরায় ফিরে আসে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ, যা অনুষ্ঠানে বিশেষ তাৎপর্য যোগ করে। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বিত অংশগ্রহণে স্থল ও আকাশে দেশের প্রতিরক্ষা সক্ষমতার মনোমুগ্ধকর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।
প্যারেড কমান্ডারের ঘোড়ায় চড়ে আগমনের মধ্য দিয়ে শুরু হয় মূল কুচকাওয়াজ। এতে সাজোয়া, আর্টিলারি, সিগন্যালস, ইস্ট বেঙ্গল, এয়ার ডিফেন্স, সার্ভিসেস, প্যারা কমান্ডো, নৌবাহিনী এবং আধুনিকায়িত ইনফ্যান্ট্রি কন্টিনজেন্ট অংশ নেয়।
এছাড়া আকাশপথে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা বহন করে অবতরণ করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। বিমান বাহিনীর দক্ষ পাইলটরা বিভিন্ন কৌশলগত উড্ডয়ন প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করেন।








