পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের পুষ্পপাড়া গ্রামে রাতের আঁধারে কৃষক হাফিজুল ইসলামের প্রায় এক হাজার কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কে বা কারা পরিকল্পিতভাবে হাফিজুল ইসলামের কলা বাগানে প্রবেশ করে গাছগুলো কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে এমন ক্ষতির চিত্র দেখে হতবাক হয়ে পড়েন তিনি। এতে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী কৃষক হাফিজুল ইসলাম জানান, অনেক আশা নিয়ে তিনি কলা চাষ করেছিলেন। কিন্তু এভাবে গাছ কেটে দেয়ায় তিনি দিশেহারা হয়ে পড়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।








