ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী

বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন নারীকে দেওয়া হয়েছে ‘এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড–২০২৬’। এভিয়েশন ও ট্যুরিজম খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের এটি তৃতীয় আয়োজন।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পাওয়া নারীরা হলেন—
পাইলট ক্যাটাগরিতে এয়ার অ্যাস্ট্রার ফার্স্ট অফিসার সাজিদিনা সুলতানা সনি, কেবিন ক্রু ক্যাটাগরিতে নভোএয়ারের হেড অব কেবিন সার্ভিস ফারজানা ইয়াসমিন, সেলস অ্যান্ড মার্কেটিং ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ ফারহানা ইয়াসমিন, কাস্টমার সার্ভিস ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মৌসুমি আক্তার, এভিয়েশন উদ্যোক্তা ক্যাটাগরিতে বেঙ্গল এয়ারলিফট লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান ব্যারিস্টার মেহনাজ মান্নান, ইন্সট্রাক্টর ক্যাটাগরিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ম্যানেজার মুক্তা ওয়াহিদ এবং পাবলিক রিলেশন্স ক্যাটাগরিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

এ ছাড়া ট্যুর গাইড ক্যাটাগরিতে রিভারাইন ট্যুরসের গাইড সুমাইয়া তাহমিম বুশরা, কালিনারি ট্যুরিজম ক্যাটাগরিতে ওয়েস্টিন ঢাকার শেফ আকসা ইকবাল এবং হসপিটালিটি উদ্যোক্তা ক্যাটাগরিতে রয়াল আরসালান্সের স্বত্বাধিকারী ফারহানা রহমান সম্মাননা অর্জন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এটিজেএফবি নারীদের স্বীকৃতি দেওয়ার যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। বাংলাদেশের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার এই খাতগুলোকে আরও আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করছে।

তিনি বলেন, বিএনপির ইশতেহারেও বিমান ও পর্যটন খাতের উন্নয়ন, আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্বে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এই অগ্রযাত্রায় নারীদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের বিমান, পর্যটন ও আতিথেয়তা খাতে নারীরা পাইলট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এভিয়েশন ইঞ্জিনিয়ার, কেবিন ক্রু, বিমানবন্দর ব্যবস্থাপক, হোটেল ম্যানেজার ও পর্যটন উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ যারা এই সম্মাননা পেয়েছেন, তাঁদের সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার ও সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ এভিয়েশন ও পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

এবারের আইকন অ্যাওয়ার্ডের সহযোগী স্পন্সর (পাওয়ার্ড বাই) হিসেবে ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স।

অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান শেষে এটিজেএফবির সদস্য, সম্মাননা পাওয়া নারীরা, তাঁদের পরিবারের সদস্য এবং এভিয়েশন ও ট্যুরিজম খাত সংশ্লিষ্টদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ