ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই

রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদ দেশ ও জাতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি বলেন, ফ্যাসিবাদ কখনো জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। তাই দেশকে ফ্যাসিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে এবং এ ক্ষেত্রে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শনিবার আয়োজিত ওই অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্রের চারটি স্তম্ভের মধ্যে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারলে রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভও সঠিকভাবে পরিচালিত হতে পারে। কিন্তু ফ্যাসিবাদী শাসনের কারণে একসময় দেশের গণমাধ্যম তাদের প্রত্যাশিত ভূমিকা পালন করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী সময়ে অনেক সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নির্যাতনের শিকার হয়েছেন। তিনি উদাহরণ হিসেবে মাহমুদুর রহমান, আবুল আসাদ এবং গাজী রুহুল আমিন–এর ওপর নির্যাতনের ঘটনা উল্লেখ করেন। তিনি বলেন, মাহমুদুর রহমানকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে হামলা করে রক্তাক্ত করা হয়েছিল। এছাড়া লেখক ও বুদ্ধিজীবী ফরহাদ মাজহার-কে অপহরণের ঘটনাও গণমাধ্যমকে ভয় দেখানোর অংশ ছিল বলে তিনি দাবি করেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের কণ্ঠই জাতির বিবেক। সত্য প্রকাশে আপনাদের চোখ খোলা রাখতে হবে।” তিনি আরও বলেন, সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সরকারের দায়িত্ব এবং বিরোধী দল সেই স্বাধীনতার পাহারাদার হিসেবে ভূমিকা রাখবে।

বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপস করা হবে না। সরকার যদি দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে বিরোধী দল সহযোগিতা করবে। তবে সরকার যদি সঠিক পথ থেকে বিচ্যুত হয়, তাহলে তা সংশোধনের চেষ্টা করা হবে এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ বা আধিপত্যবাদ মেনে নেবে না। একটি ঐক্যবদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহমুদুর রহমান, সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, হাসান হাফিজ, শহিদুল ইসলাম এবং কাদের গনি চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বরা।
ইফতার মাহফিলে দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, কলামিস্ট ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ