ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক আকাশসীমা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের ফ্লাইট বিপর্যয় দেখা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মঙ্গলবার (৩ মার্চ) পর্যন্ত মোট ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, পরিস্থিতির কারণে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা ব্যাহত হচ্ছে। বেবিচকের জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী—

  • ২৮ ফেব্রুয়ারি বাতিল হয়েছে ২৩টি ফ্লাইট

  • ১ মার্চ বাতিল হয়েছে ৪০টি ফ্লাইট

  • ২ মার্চ বাতিল হয়েছে ৪৬টি ফ্লাইট

  • ৩ মার্চ বাতিল হয়েছে ৩৮টি ফ্লাইট

ক্রমবর্ধমান এই বাতিলের তালিকা যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেকেই কর্মস্থলে ফেরত যাওয়া, ভিসার সময়সীমা ও জরুরি কাজ নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে এবং সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হলে ফ্লাইট পরিচালনা স্বাভাবিক হবে। তবে কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ