বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনে দলের জন্য তিনটি গুরুত্বপূর্ণ অর্জন এসেছে।
শুক্রবার দুপুরে সিলেটের একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াত আয়োজিত ‘শুরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষা শিবির’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে প্রথমত—এই প্রথম জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি অর্থবহ ঐক্য গড়ে উঠেছে। অতীতে অন্যদের নেতৃত্বে ঐক্যে অংশ নিলেও এবার নিজেদের নেতৃত্বেই সেই ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।
দ্বিতীয়ত—এই প্রথম দলটি প্রধান বিরোধী দলের দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছে, যা তিনি আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।
তৃতীয়ত—এবারের নির্বাচনে দলকে ছয়টি শক্তির বিরুদ্ধে সমান্তরালভাবে লড়াই করতে হয়েছে। তিনি শক্তিগুলোর নাম উল্লেখ না করলেও বলেন, তাদের সম্মিলিত প্রভাব ও অবস্থান সম্পর্কে দল এখন স্পষ্ট ধারণা পেয়েছে।
ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, মুক্তিকামী মানুষের বাংলাদেশ।”
এ সময় দলীয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, জাতীয় নির্বাচন ছিল প্রথম লড়াই, আর দ্বিতীয় লড়াই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। “এই লড়াইয়ে কোনো জায়গা যেন খালি না থাকে”—যোগ করেন তিনি।








