ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দেশে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত

বৃহস্পতিবার সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনকালে তিনি বলেন, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাজেট বৃদ্ধি, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এই বৃহৎ নিয়োগ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান,নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে,হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে,স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে মনিটরিং জোরদার করা হবে।

তিনি চিকিৎসকদের নিজ নিজ কর্মস্থলে নিয়মিত রোগী দেখার নির্দেশ দিয়ে বলেন, হাসপাতালকে জনগণের নিজের সম্পদ হিসেবে মনে করতে হবে এবং কোনো অনিয়ম দেখলে সবাইকে প্রতিবাদে এগিয়ে আসতে হবে।

এ সময় তিনি সিরাজগঞ্জ মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টার দ্রুত চালুর আশ্বাস দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ