ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

পাবিপ্রবিতে বাহারি আমের মুকুলে বসন্তের বার্তা, শিক্ষার্থীদের মনে উচ্ছ্বাস

শীতের বিদায় আর বসন্তের আগমনী বার্তায় সেজে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গাছে গাছে ফুটতে শুরু করেছে আমের মুকুল। সবুজ পাতার ফাঁকে হলুদাভ মুকুলের সমাহার যেন ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে দিয়েছে এক অনন্য সৌন্দর্য।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়ে সুউচ্চ দালানের পাশে সারি সারি বড় গাছ। এর মধ্যেই রয়েছে নানা প্রজাতির আমগাছ। বিশেষ করে প্রশাসনিক ভবন, স্বাধীনতা হল ও গণতন্ত্র হলের পাশের গাছগুলোতে বেশি করে দেখা মিলছে মুকুলের। এছাড়াও জুলাই–৬ হল ও মাতৃভাষা হল সংলগ্ন ছোট আমগাছগুলোতেও ফুটেছে মুকুল।

ক্যাম্পাসে থাকা বিভিন্ন প্রজাতির আমগাছের মধ্যে উল্লেখযোগ্য হলো হিমসাগর, ল্যাংড়া, ফজলি, আম্রপালি, গোপালভোগ ও খিরসাপাত। প্রতিটি গাছেই এখন মুকুলের ছড়াছড়ি। দূর থেকে তাকালে মনে হয় সবুজের চাদরের ওপর হলুদ রঙের নরম আবরণ বিছানো।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘ক্লাস শেষে বন্ধুদের সঙ্গে যখন ক্যাম্পাসে হাঁটতে বের হই, তখন আমের মুকুলের ঘ্রাণ মনটা ভরে দেয়। মনে হয় প্রকৃতি নিজেই যেন আমাদের জন্য নতুন ঋতুর উপহার সাজিয়ে রেখেছে।’

অন্যদিকে ইইসিই বিভাগের শিক্ষার্থী হুমায়রা হিসাব বলেন, ‘পড়াশোনার চাপের মাঝেও ক্যাম্পাসের এই প্রাকৃতিক সৌন্দর্য মানসিক প্রশান্তি দেয়। বিশেষ করে গণতন্ত্র এবং মাতৃভাষা হলের পাশের আমগাছগুলো এখন খুবই সুন্দর লাগছে। ছবি তুলতে অনেককেই ভিড় করতে দেখা যাচ্ছে।’

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ