ঢাকা, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির

সরকার বাংলাদেশ পুলিশ-এর অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এর প্রধান মো. আলী হোসেন ফকিরকে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি এএসপি হিসেবে চাকরিজীবন শুরু করেন। তবে শেখ হাসিনা-র প্রথম শাসনামলে ১৯৯৭ সালে রাজনৈতিক কারণে তাকে বরখাস্ত করা হয়। পরে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এলে তিনি আইনি প্রক্রিয়ায় চাকরিতে পুনর্বহাল হন।

পরবর্তীতে তিনি এসপি হিসেবে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন এবং দক্ষ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। ২০০৮ সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

চাকরিজীবনের এক পর্যায়ে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন এবং সফলতার জন্য পুরস্কৃত হন। দেশে ফিরে তাকে রাজশাহী ডিআইজি অফিসে এসপি হিসেবে সংযুক্ত করা হয়।তবে ২০২২ সালে আবারও তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ায় তিনি এসপি পদমর্যাদায় চাকরিতে ফিরে আসেন। পরে তাকে সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয় এবং পরবর্তীতে অতিরিক্ত আইজিপি ও এপিবিএন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট জেলায়। দীর্ঘ কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, দক্ষতা এবং নেতৃত্বগুণের জন্য পরিচিত।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ