ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

এবার স্পিকার পদে আলোচনায় তিনজন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের কথা রয়েছে। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দায়িত্ব পাওয়ায়, গুরুত্বপূর্ণ এই পদগুলোতে কারা আসছেন—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে।

নিরঙ্কুশ জয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দলীয় চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বে সরকার গঠন করে বিএনপি। নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। পাশাপাশি বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট ১০ জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন। তবে এখনো স্পিকার, ডেপুটি স্পিকার ও সরকারদলীয় চিফ হুইপ পদে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

দলীয় সূত্রে জানা গেছে, স্পিকার পদে বিএনপির প্রবীণ তিন নেতার নাম ঘুরেফিরে আলোচনায় রয়েছে।

সবচেয়ে বেশি উচ্চারিত নাম স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। নরসিংদী-২ আসন থেকে পাঁচবারের নির্বাচিত এই সংসদ সদস্যকে দলীয়ভাবে ‘ক্লিন ইমেজের’ নেতা হিসেবে দেখা হয়। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা তাকে আলোচনার শীর্ষে রেখেছে।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন–এর নামও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এই নেতা এবার বরিশাল-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন। সাংবিধানিক ও নির্বাচনী আইন বিষয়ে তার দক্ষতা স্পিকার পদের জন্য তাকে এগিয়ে রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরেক সম্ভাব্য প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ও অর্থনীতিবিদ ড. এম ওসমান ফারুক। কিশোরগঞ্জ-৩ আসনের এই সংসদ সদস্য আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতার কারণে আলোচনায় রয়েছেন।

ডেপুটি স্পিকার পদেও কয়েকজন নেতার নাম শোনা যাচ্ছে। লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ভোলা-1 আসনের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং নোয়াখালী-১ আসনের ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন—এই তিনজনের নাম আলোচনায় রয়েছে। দলীয় অঙ্গনে সক্রিয় ও পরিচিত মুখ হওয়ায় তাদের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি; দলীয় প্রধানের বিবেচনাই এখানে নির্ধারক ভূমিকা রাখবে।

সরকারদলীয় চিফ হুইপ পদে নোয়াখালী-২ আসনের জয়নুল আবদিন ফারুক ও নোয়াখালী-৩ আসনের বরকত উল্লাহ বুলু–র নাম আলোচনায় রয়েছে। জয়নুল আবদিন ফারুক ছয়বারের সংসদ সদস্য এবং অতীতে বিরোধী দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুও দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে বিএনপির ভেতরে গুরুত্বপূর্ণ সাংসদীয় পদগুলো নিয়ে হিসাব-নিকাশ চলছে। আগামী ১২ মার্চ অধিবেশন বসার পরই স্পিকার, ডেপুটি স্পিকার ও চিফ হুইপ পদে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক মহলে প্রত্যাশা রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ