ঢাকা, বুধবার, ১ জুলাই ২০২৬

একুশে ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব

পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঘিরে একটি নতুন প্রস্তাব তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে ২১ ফেব্রুয়ারির পরিবর্তে ৮ ফাল্গুন তারিখে দিবসটি পালনের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ পরামর্শ দেন।

মাসুদ সাঈদী বলেন, একুশের মূল চেতনা হলো অন্যায়ের কাছে মাথা নত না করা এবং অধিকার আদায়ে দৃঢ় থাকা। কিন্তু দিবসটি অনেক সময় কেবল আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস ৮ ফাল্গুনের সঙ্গে যুক্ত থাকলেও আমরা ২১ ফেব্রুয়ারি পালন করছি—এই বিষয়টি নতুন করে ভাবার সুযোগ আছে কি না।

তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। একই সঙ্গে সর্বস্তরে বাংলা ভাষার কার্যকর ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, হুসেইন মুহম্মদ এরশাদ-এর আমলে সর্বস্তরে বাংলা ভাষা চালুর উদ্যোগ দেখা গিয়েছিল, কিন্তু পরবর্তী সময়েও তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে তিনি মন্তব্য করেন।

মাসুদ সাঈদী আরও বলেন, একুশ কেবল ভাষার অধিকার নয়, বরং সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা। ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণআন্দোলনের পেছনে একুশের চেতনা কাজ করেছে। তিনি মনে করেন, রাষ্ট্র ও সমাজজীবনে এই চেতনাকে ধারণ করতে পারলে দেশ কাঙ্ক্ষিত অগ্রগতির পথে এগিয়ে যাবে।

জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন সরকারি-ববেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ