ভারতীয় সহকারী হাইকমিশন–এর সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছেন, বর্তমানে মেডিকেল ভিসা ও ডাবল এন্ট্রি ভিসা দেওয়া হচ্ছে। খুব শিগগিরই ভ্রমণ ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রমও স্বাভাবিক করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাব–এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন অনিরুদ্ধ দাস।
তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের ভাবনা ও মূল্যবোধে রয়েছে ঐতিহাসিক মিল। দুই দেশই দীর্ঘদিন ধরে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে এগিয়ে চলেছে। পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ককে আরও উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সহকারী হাইকমিশনার আরও বলেন, ভৌগোলিক ও সাংস্কৃতিক নৈকট্য, বাড়তে থাকা অর্থনৈতিক সক্ষমতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষাকে যৌথ উদ্যোগের মাধ্যমে নতুন সম্ভাবনায় রূপ দেওয়া সময়ের দাবি। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করার সুযোগ তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।
ভারত সরকারের ‘এইড টু বাংলাদেশ’ এবং ‘এলওসি’ (লাইন অব ক্রেডিট) প্রকল্পের আওতায় সিলেট অঞ্চলের বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়ন কার্যক্রমের কথাও তুলে ধরেন অনিরুদ্ধ দাস। এ সময় উপস্থিত ছিলেন প্রেস, ইনফরমেশন, এডুকেশন অ্যান্ড কালচার বিভাগের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।
সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি মঈন উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির।
আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি আল আজাদ ও তাপস দাস পুরকায়স্থ, দৈনিক দেশবার্তার ব্যুরো প্রধান লিয়াকত শাহ ফরিদী, ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সমকালের ব্যুরো প্রধান মুকিত রহমানী, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম নবেল, আধুনিক কাগজের প্রধান সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিনিধি দেবাশীষ দেবু, চ্যানেল আই’র প্রতিনিধি সাদিকুর রহমান সাকী এবং রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ।








